হ্যালোউইন উপলক্ষে আকর্ষণীয় সাজপোশাকের উৎসবে মেতেছেন বলিউডের তারকারা। এই বিশেষ দিনে নিজের প্রয়াত মা, বলিউড কিংবদন্তি শ্রীদেবীর স্মরণীয় এক চরিত্রকে ফিরিয়ে এনেছেন জাহ্নবী কাপুর। ফোক ঘরানার জনপ্রিয় সিনেমা ‘নাগিনা’র সেই বিখ্যাত সর্পকন্যার সাজে নিজেকে মেলে ধরেছেন তিনি। মূল ছবিতে জ্বলজ্বলে রঙিন লেন্স, আকর্ষণীয় পোশাক ও সাজে শ্রীদেবী ছিলেন অনন্য; এবার মা-কে অনুসরণ করে সেই নাগিনা লুকটি দারুণ দক্ষতায় তুলে ধরেছেন জাহ্নবী।
সিনেমাটির একটি জনপ্রিয় গানের অনুকরণে সাদা ও গোলাপি রঙের পোশাক, ঝলমলে পাথরের গয়না আর নীল চোখের লেন্সে জাহ্নবীর উপস্থিতি ছিল নজরকাড়া। শুধু একক সাজেই নয়, বন্ধুদের সঙ্গী করে সিনেমার পোস্টার ও নানা মুহূর্ত নতুন করে ফুটিয়ে তুলেছেন তিনি। এই রিক্রিয়েশনে নায়ক ঋষি কাপুরের চরিত্রে হাজির হয়েছেন অরি, আর সাপুড়ে অমরীশ পুরীর ভূমিকায় দেখা গেছে ডিজিটাল ক্রিয়েটর বৈষ্ণব প্রবীণকে।
মূল সিনেমার শুটিংয়ের অবসরে অমরীশ পুরী, ঋষি কাপুর ও শ্রীদেবীর খাবার খাওয়ার একটি মুহূর্তও নতুন করে ক্যামেরাবন্দী করেছেন জাহ্নবী, অরি ও বৈষ্ণব। আরেকটি ফ্রেমে বৈষ্ণবকে বীন বাজাতে এবং মেঝেতে জাহ্নবীকে পোজ দিতে দেখা যায়, যার পাশেই দাঁড়িয়েছিলেন অরি। সিনেমার দৃশ্য অনুযায়ী ঋষি কাপুর ও অমরীশ পুরীর রসায়নও দারুণভাবে উপস্থাপন করেছেন অরি ও বৈষ্ণব। ইনস্টাগ্রামে শেয়ার করা এই ফটোশুটে জাহ্নবীর রূপসজ্জা, পোশাক, গয়না এবং অভিব্যক্তির ভূয়সী প্রশংসা করছেন অনুরাগীরা।